প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১১:৪৩ AM আপডেট: ২০.০৭.২০২৫ ১১:৫১ এএম

নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে এস এম ইমরুল কায়েস ওরফে মিনান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলার কশব ইউনিয়নের শিয়াটা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু মিনান পার্শ্ববর্তী চকবালু গ্রামের দলিল লেখক এস এম আল এমরান এর প্রথম ছেলে এবং দাসপাড়া সিনিয়র মাদ্রাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, নিহত মিনান (৭) শুক্রবার তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায়। এরপর শনিবার সকালে তার নানার বাড়ির পাশে জনৈক ইমান হাজী নামে এক ব্যক্তির পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ ধরার সময় অন্যান্যদের সঙ্গে সেও পুকুরের পানিতে নামে। এরই এক পর্যায়ে নিহত মিনান পানির নিচে তলিয়ে যায়। পরবর্তীতে পানির নিচে জাল দিয়ে অনেক খোঁজাখুঁজির পর তার মৃতদেহ পাওয়া যায়।
এ ঘটনায় অত্র এলাকাজুড়ে শোকের মাতম চলছে। নিহতের পরিবারের লোকজনের আহাজাড়িতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠছে চারপাশ।
প্রসাদপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও দলিল লেখক সমিতিসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে