প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৭:৫৬ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাঘাইয়াকান্দী এলাকার একটি মাছ বাজারে আগ্নেয়াস্ত্রের গুলিতে চারজন আহত হয়েছেন।
শুক্রবার (১৮জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে।
ঘটনায় আহত হন স্কুল শিক্ষক আল আমিন, স্থানীয় বাসিন্দা আব্দুল বাসেত ও দুই মাছ ব্যবসায়ী। এদের মধ্যে আল আমিন ও বাসেত স্থানীয় হলেও অপর দুইজন মাছ ব্যবসায়ী, অন্য এলাকার বাসিন্দা।
আহত আল আমিন জানান, তিনি বাজার থেকে মাছ কিনে বাড়িতে রেখে টাকা পরিশোধ করতে পুনরায় বাজারে যান। এ সময় গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তিনি গুলিবিদ্ধ হন। তার হাঁটু ও উরুতে গুলির আঘাত লাগে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি শর্টগান জাতীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”
স্থানীয় সূত্র জানায়, বাঘাইয়াকান্দী মাছ বাজারের পাশেই পাকা সড়ক ও সেতুর কাছে দাঁড়িয়ে একই এলাকার জৈষ্ঠীতলা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী আব্দুল মান্নান ওরফে ‘শ্যুটার মান্নান’ এলাকায় আধিপত্য বিস্তারের জন্য গুলি ছোঁড়ে।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, শ্যুটার মান্নান ইতোমধ্যেই তদন্তের আওতায় রয়েছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ