প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১০:১৬ AM

বগুড়ায় নিজ ঘরে ঢুকে দুই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় আরও একজন নারী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) রাত সোয়া ৮ টার দিকে বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। আহত হয়েছেন বন্যা নামে আরও এক নারী, যিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, ঘটনার সময় বন্যা তার ভাবি হাবিবা ও দাদি লাইলীর বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় সৈকত নামে এক যুবক ঘরে এসে বন্যার সঙ্গে কথা বলেন। কথোপকথনের একপর্যায়ে বিরোধ শুরু হলে সে বন্যাকে ছুরিকাঘাত করে। বন্যাকে বাঁচাতে এলে হাবিবা ও লাইলীকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই দুজন মারা যান।
পরিবারের দাবি, বন্যার সঙ্গে সৈকতের প্রেমের সম্পর্ক ছিল এবং সেই সূত্রে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। তবে পরিবারের কেউ সেই প্রস্তাবে রাজি ছিলেন না। এতে ক্ষুব্ধ হয়েই হয়তো এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই গাজিউল হক বলেন, ‘বন্যার শরীরের তিনটি স্থানে ছুরির আঘাত পাওয়া গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।’
এদিকে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানিয়েছেন, পুলিশ আসামি ধরতে অভিযান শুরু করেছে। তবে এখনও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।
ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এমএম