প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১০:২২ পিএম

গোপালগঞ্জে কারফিউ জারির কারণে বৃহস্পতিবার (১৭ জুলাই) জেলার সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য জেলায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
বুধবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জ জেলা ঢাকা বোর্ডের আওতাভুক্ত হওয়ায় কেবল ওই জেলার বৃহস্পতিবার সকালের এইচএসসি পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী এদিন ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এছাড়া, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ সই করা অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলায় ১৭ জুলাই অনুষ্ঠেয় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, ডিপ্লোমা ইন টেক্সটাইল, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএমটি) পরীক্ষাও স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার তারিখও পরবর্তীতে জানানো হবে।
এদিকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক জানান, গোপালগঞ্জ জেলা ছাড়া দেশের অন্যান্য সব মাদরাসায় আলিম পরীক্ষা যথারীতি চলবে।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে বুধবার গোপালগঞ্জে সহিংসতা, হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই দিন রাত ৮টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলাজুড়ে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।
স্বদেশ প্রতিদিন/এনআর