প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:৩৯ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, প্রেমের পর বিয়ে। তবে বিয়ের নয় মাসের মাথায় বিচ্ছেদ। এরপর সাবেক স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও হুমকির অভিযোগে একাধিক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করে হয়রানির অভিযোগ তুলেছেন নরসিংদী নয়, ঢাকায় কর্মরত সরকারি চাকরিজীবী রায়হান হাওলাদার। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নাটোরের গুরুদাসপুরের স্থানীয় চলনবিল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
রায়হানের দাবি, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর পরিবারের অগোচরে রুকাইয়া তাসনিম মুক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। চলতি বছরের ১ মে উভয়ের সম্মতিতে পাঁচ লাখ টাকা দেনমোহর পরিশোধসহ তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর রাজশাহীর চন্দ্রিমা থানায় তাঁর বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগ এবং পরে হুমকির বিষয়ে জিডি করেন মুক্তি। রায়হানের দাবি, অভিযোগগুলোর সত্যতা না পাওয়ায় সেগুলো খারিজ হয়েছে। এরপরও মামলা ও হুমকির মাধ্যমে তাঁকে হয়রানি করা হচ্ছে। এতে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি কর্মস্থলেও বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনের পর সাংবাদিকেরা মুক্তির বাড়িতে গেলে তাঁর বাবা মোজাম্মেল হক জানান, মেয়ের বিয়ে ও নয় মাসের সংসারের বিষয়ে তিনি জানতেন না। বিষয়টি জানার পর মেয়ের পড়াশোনার খরচ দেওয়া বন্ধ করে দিয়েছেন এবং তাঁর সঙ্গে কথা বলেন না। তবে মুক্তির মা ও ভাই বিয়ের বিষয়টি জানতেন বলে স্বীকার করেন। এ বিষয়ে বক্তব্য জানতে মুক্তির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
স্বদেশ প্রতিদিন/এস পি