প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৯:৫৬ AM

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ বুধবার ১৬ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। চব্বিশে ফ্যাসিবাদবিরোধী অভ্যুত্থানের শুরুতে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। এ দিনটিকেই ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করে সরকার।
এ উপলক্ষে আজ বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এ ছাড়া শহীদদের রুহের মাগফিরাতের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রতি বছর ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে এবং দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্র অনুযায়ী ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সরকারি ঘোষণা অনুযায়ী, এই দিবসটি দেশের ইতিহাসে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর