
স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের অপসারণ দাবিতে বরিশালের গৌরনদীতে বিক্ষোভে উত্তাল সাধারণ জনতা।
আজ সোমবার (১৪ জুলাই) অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহের মাধ্যমে বিক্ষোভ জানান তারা।
সকাল ১১টার দিকে উপজেলা হাসপাতাল রোডে সর্বস্তরের জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় দুই কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, মানববন্ধনের সময় অভিযুক্ত কর্মকর্তা ডা. মনিরুজ্জামান কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে নিতে চেষ্টা করলেও ব্যর্থ হন।
পরিস্থিতি শান্ত করতে স্থানীয় প্রশাসন ডা. মনিরুজ্জামানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, ছাত্রনেতা সাব্বির হোসেন, মোর্শেদ হাসান ও সানাউল হোসেন।
তারা বলেন, “দীর্ঘদিন ধরে ডা. মনিরুজ্জামান কমিশন বাণিজ্যের মাধ্যমে পরীক্ষার নামে অনিয়ম করে আসছেন। তার বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ দেওয়া হলেও স্বাস্থ্য বিভাগ কোনও ব্যবস্থা নেয়নি।”
মানববন্ধন চলাকালে আন্দোলনকারীদের অভিযোগ, ডা. মনিরুজ্জামানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একটি স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারের কয়েকজন দালাল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিছিলের সামনে দিয়ে মহড়া দিলে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে।
রুবেল গোমস্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, “২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অপসারণ না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
এদিকে, অভিযুক্ত ডা. মনিরুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।