প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৫:৫৭ পিএম আপডেট: ১৪.০৭.২০২৫ ৬:৩২ PM

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই কন্যা দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টায় ‘জুলাই কন্যা দিবস’ উদ্যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
র্যালিটি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে খামারবাড়ি, আগারগাঁও শিশুমেলার পাশদিয়ে ঘুরে আবার মানিক মিয়া অ্যাভিনিউতে এসে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনাসভার আয়োজন করা হয়।
র্যালি ও আলোচনায় শত শত ‘জুলাই কন্যা’ অংশগ্রহণ করেন। একইসাথে অংশনেন শতাধিক রিকশাচালকও, যারা জাতীয় পতাকাসহ নানা পোস্টার, ফেস্টুন ও প্রতীক নিয়ে র্যালিকে আরো বর্ণিল করে তোলেন।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা ‘জুলাই কন্যা’দের অধিকার, আত্মপরিচয় ও স্বাধীনতার গুরুত্ব নিয়ে কথা বলেন। বক্তৃতায় জুলাই কন্যারা তাদের আন্দোলনে রিকশাচালকদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা জানান, সামাজিক বঞ্চনা ও অবহেলার বিরুদ্ধে তাদের সংগ্রামে অনেক রিকশাচালক ছিলেন নীরব সহযোদ্ধা।
প্রধান অতিথি শারমীন এস মুরশিদ বলেন, “জুলাই কন্যাদের নিয়ে আমাদের আরো বিস্তর গবেষণা করার আছে। আমরা প্রতিটি জুলাই কন্যাদের চিহ্নিত করতে চাই ও তাদের নিয়ে কাজ করতে চাই।”
উল্লেখ্য, ‘জুলাই কন্যা দিবস’ মূলত ২০২৪ সালের জুলাই মাসে জন্ম নেয়া মেয়েদের অধিকার, স্বীকৃতি ও সামাজিক অবস্থানকে তুলে ধরার একটি প্রতীকী ও প্রতিবাদী উদ্যোগ, যা এবছর বিভিন্ন আয়োজনে পালিত হচ্ছে।