প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ১১:২২ পিএম

“ছড়িয়ে দাও তোমার দৃষ্টিভঙ্গি, পরিবর্তন করো পৃথিবী” স্লোগানকে সামনে রেখে জনপ্রিয় ইংরেজি ম্যাগাজিন ক্লারিয়ন কলের, ম্যাথ অলিম্পিয়াড ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ফলে আজ থেকেই রেজিষ্ট্রেশনসহ অন্যান্য কার্যক্রম শুরু হচ্ছে।
রবিবার, (১৩ জুলাই) ক্লারিয়ন কলের হেড অফিস গুলশানে অলিম্পিয়াডের লগো, লিফলেট উন্মোচনসহ বিস্তারিত কার্যক্রম শুরু করা হয়।
অলিম্পিয়াডটিতে চতুর্থ শ্রেণি হতে দশম শ্রেণির শিক্ষার্থীরা তিনটি গ্রুপে পরীক্ষায় অংশ নিবেন। মেধা তালিকায় প্রতি গ্রুপে প্রথম তিনজনকে প্রাইজমানিসহ সেরা ৩০ জনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও অন্যান্য পুরষ্কারে ভূষিত করা হবে। এছাড়া, অংশগ্রহণকারী সকলের জন্য সার্টিফিকেট ও আকর্ষনীয় উপহার থাকছে বলে জানা যায়। সূত্র মতে, আগামী ২৩শে আগস্ট, শনিবার ঢাকায় আটটি ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লারিয়ন কলের সম্পাদক কর্ণেল (অবঃ) আশরাফ উদ্দীন, প্রধান নির্বাহী সম্পাদক শাহেদ আকরাম মুসান্না, অন্যান্য প্যানেলের সম্পাদকবৃন্দ ও বিভিন্ন ব্রাঞ্চের প্রতিনিধি এবং সেচ্ছাসেবকবৃন্দ।
উল্লেখ্য, ২০২৪ থেকে ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াডের যাত্রা শুরু হয়। ওই বছরে রাজধানীর বিভিন্ন ইংরেজি মাধ্যম ও সংস্করণের প্রায় ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে পাঁচ শতাধিক শিক্ষার্থী অলিম্পিয়াডটিতে অংশগ্রহণ করেছিলো। সেই ধারাবাহিকতায় এবারো আয়োজিত হতে চলেছে, ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড ২০২৫।
স্বদেশ প্রতিদিন/এনআর/ইমরান