প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৯:২৫ পিএম

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, কিন্তু স্বৈরাচারী শাসনব্যবস্থা এখনো চলমান। এই ব্যবস্থার স্থায়ী অবসান ঘটাতে হলে প্রক্রিয়া, পদ্ধতি ও প্রতিষ্ঠানিক কাঠামোয় ব্যাপক সংস্কার প্রয়োজন।
শনিবার (১২ জুলাই) দিনাজপুর ব্র্যাক লার্নিং সেন্টারে সুজন আয়োজিত ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সংলাপে তিনি একথা বলেন।
বদিউল আলম বলেন, ‘অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিভিন্ন খাতে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ দিয়েছেন। এসব প্রস্তাব নিয়ে একটি খসড়া জাতীয় সনদ প্রস্তুত করা হয়েছে, যাতে নাগরিকদের মতামতের ভিত্তিতে জনমত গড়ে তোলা যায় এবং সরকারকে জানানো যায় এই সংস্কারগুলো বাস্তবায়ন সময়ের দাবি।’
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, স্বৈরাচারী ব্যবস্থা যেন ভবিষ্যতে আর কখনো ফিরে না আসে, সে লক্ষ্যেই সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করেছে। এর মধ্যে ৬টি কমিশনের প্রধানদের সমন্বয়ে গঠিত হয়েছে একটি ঐকমত্য কমিশন। এর নেতৃত্ব দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘আমাদের আশা, চলতি মাসের মধ্যেই এই জাতীয় সনদ প্রণয়ন ও স্বাক্ষরিত হবে।যার মাধ্যমে শুধু বর্তমান স্বৈরাচারের অবসানই ঘটবে না, ভবিষ্যতেও যেন কোনো স্বৈরাচারী শাসন ব্যবস্থা ফিরে না আসে। আমরা একটি নতুন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই কাজ করছি।’
নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন সুজন দিনাজপুর জেলা শাখার সভাপতি বেলালউদ্দিন শিকদার রুবেল।এসময় আরও উপস্থিত ছিলেন সুজনের যুগ্ম-সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, রংপুর বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, এবং দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ