প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১২:০৯ পিএম

ফাইল ছবি
গণআন্দোলনে গুলি চালানোর নির্দেশ প্রসঙ্গে বিবিসির অনুসন্ধান প্রকাশের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে কড়া মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “এখন আর শেখ হাসিনার পালানোর কোনো পথ নেই।”
বুধবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি দাবি করেন, “জুলাইয়ের গণআন্দোলন নিয়ে বিবিসির অনুসন্ধানে স্পষ্ট হয়েছে, শেখ হাসিনা নিজেই বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। এতে শতাধিক শিশু প্রাণ হারায়। এই প্রতিবেদন আন্তর্জাতিক মহলে শেখ হাসিনার বিরুদ্ধে চাপ আরও বাড়াবে।”
শফিকুল আলম আরও লেখেন, “শেখ হাসিনাকে গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি হতেই হবে। যারা তার নির্দেশে হত্যাকাণ্ড চালিয়েছে, তারাও দায় এড়িয়ে যেতে পারবে না।”
এ মন্তব্যের পেছনে রয়েছে বিবিসির তদন্ত প্রতিবেদন, যেখানে দাবি করা হয়েছে—২০২৪ সালের ১৮ জুলাই গণভবন থেকে এক ফোনালাপে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন: “যেখানেই ওদের (আন্দোলনকারী) পাওয়া যাবে, গুলি করা হবে।”
প্রতিবেদন অনুযায়ী, ওই অডিওর সত্যতা যাচাই করেছে আন্তর্জাতিক অডিও ফরেনসিক প্রতিষ্ঠান Earshot, যারা নিশ্চিত করেছে যে অডিওটিতে কোনো প্রকার কাটাছেঁড়া বা কৃত্রিমতা নেই। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–ও কণ্ঠস্বরটি শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছে।
এই পরিস্থিতিতে প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী, ১৫ বছরের শাসনামলে শেখ হাসিনা যে দমননীতি ও সহিংসতা চালিয়েছেন, তার জবাবদিহি থেকে তিনি রেহাই পাবেন না।
স্বদেশ প্রতিদিন/এনআর