তরুণীর প্রেমে সংসার ছাড়লেন চার সন্তানের জননী, অতঃপর...
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১১:৪০ AM

চার সন্তানের জননী ও এক তরুণীর মধ্যে ফেসবুকে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত গড়াল থানায়। বিষয়টি জানাজানি হওয়ার পর মঙ্গলবার (৮ জুলাই) সকালে ঝিনাইদহের শৈলকুপা থানায় উপস্থিত হন উভয় পরিবারের সদস্যরা। ঘটনাটি জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শৈলকুপা উপজেলার এক গৃহবধূর সঙ্গে গাইবান্ধা সদর উপজেলার এক তরুণীর ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে বন্ধুত্ব থেকে তা প্রেমে রূপ নেয়। প্রায় ৯ দিন আগে ওই গৃহবধূ তার স্বামী ও চার সন্তানকে ফেলে গোপনে ঢাকায় চলে যান তরুণীর সঙ্গে থাকার উদ্দেশ্যে।
বিষয়টি ধীরে ধীরে জানাজানি হলে শৈলকুপার গৃহবধূর পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে কৌশলে থানায় নিয়ে আসে।
থানায় উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে দীর্ঘ আলোচনা হয়। শেষ পর্যন্ত পুলিশের মধ্যস্থতায় দুইজনকেই তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, ‘ওই গৃহবধূর পরিবার আমাদের কাছে অভিযোগ করার পর আমরা প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করি। পরে তাদের থানায় এনে দুই পরিবারের জিম্মায় তুলে দেওয়া হয়েছে।’
এ ঘটনা জানাজানির পর স্থানীয়ভাবে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম