প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৮:২০ পিএম আপডেট: ০৬.০৭.২০২৫ ৮:২৬ PM

পাবনা সদর উপজেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “এই দেশ শ্রমিকের ঘাম, কৃষকের রক্ত ও সাধারণ মানুষের ত্যাগে গড়ে উঠেছে। এই দেশ কোনদিন কোনো অপশক্তির হাতে তুলে দেওয়া যাবে না।”
আজ রবিবার (৬ জুলাই) পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, পাবনা সদর উপজেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যারা দেশের মানুষ ও দেশের ভবিষ্যতের কথা ভাবে। একটি দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে আমরা দেশকে একনায়ক শাসনের হাত থেকে মুক্ত করেছি। এবারো জনগণের রায়ের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে সংসদে গিয়ে জনগণের দাবি পূরণ করবে এবং দেশের উন্নয়ন নিশ্চিত করবে।”
শিমুল বিশ্বাস আরো বলেন, “আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। তাহলেই বিএনপি ইনশাআল্লাহ নিরঙ্কুশভাবে জয়ী হবে। কিন্তু কোনো কুচক্রী মহল যদি এই নির্বাচন বানচাল করার চেষ্টা করে কিংবা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করব।”
এছাড়াও, সভায় বক্তারা আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিএনপিকে বিজয়ী করার মাধ্যমে দেশ ও জনগণের কল্যানে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মো. সাবির হাসান বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রেহানুল ইসলাম বুলাল, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. জহুরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এসকে সাগর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রিন্সসহ জেলা ও উপজেলা তাঁতীদলের নেতাকর্মীরা।