প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১০:২৪ AM

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর লালবাগের ঐতিহাসিক হোসনি দালান ইমামবাড়াকে ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রোববার (৬ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো এলাকাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।
হোসনি দালানের চারপাশের সড়কগুলোতে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব, সোয়াট এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। সেই সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা ও পুলিশের সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। যান চলাচল নিয়ন্ত্রণে মূল সড়কে বসানো হয়েছে ব্যারিকেড, যাতে কোনো যানবাহন ভেতরে প্রবেশ না করতে পারে।
ইমামবাড়ায় প্রবেশের মুখে স্থাপন করা হয়েছে আর্চওয়ে গেট ও মেটাল ডিটেক্টর। আগতদের দেহ তল্লাশির পর ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ভবনের ভেতরে প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ও উদ্ধারকর্মীদের দল, যাতে কোনো দুর্ঘটনায় তাৎক্ষণিক সহায়তা দেওয়া সম্ভব হয়।
এদিকে, আশুরা উপলক্ষে সকাল সাড়ে ১০টায় হোসনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের আয়োজনে তাজিয়া মিছিল বের হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে মিছিলের প্রস্তুতি নিতে দেখা গেছে অংশগ্রহণকারীদের।
প্রসঙ্গত, আশুরা মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ দিন। ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) শহীদ হন। সেই শোক ও স্মৃতিকে ধারণ করে শিয়া সম্প্রদায় প্রতিবছর এই দিনটি তাজিয়া মিছিলের মাধ্যমে পালন করে থাকে।