প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৯:২৬ পিএম আপডেট: ০৫.০৭.২০২৫ ১১:৫৮ PM

প্রতীকী ছবি
রাজধানী যেন হয়ে উঠেছে ছিনতাইকারীদের আখড়া। দিন দিন বেড়েই চলছে তাদের রাজত্ব। রাজধানীর আসাদগেট এলাকায় এবার ছিনতাইকারীর কবলে পড়লেন দৈনিক স্বদেশ প্রতিদিনের রিপোর্টার।
শনিবার (৫ জুলাই) গণভবন এলাকা থেকে ফেরার পথে রিপোর্টার ফখরুল আকনের পথরোধ করে ছিনতাইকারীরা। পরে তার উপর হামলা করে মোবাইল, টাকাসহ ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে যায়। এসময় তার পিঠে ছুরিকাঘাত করা হয়।
আকন বলেন, “আমি আসাদগেট বাসস্ট্যান্ড’র কাছাকাছি ‘মেসার্স তালুকদার ফিলিং এন্ড সার্ভিসিং সেন্টার’ থেকে মাত্র (২ মিনিট দূরত্বে) পৌঁছালে হঠাৎ ছয়জন ছিনতাইকারী আমার ওপর হামলা চালায়। তারা আমার পিঠে ছুরিকাঘাত করে। আমার মোবাইল ফোন, টাকা, চশমাসহ ব্যক্তিগত জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।”
তিনি বলেন, “এ বিষয়ে খুব শিগগিরই থানায় অভিযোগ করা হবে।”
প্রত্যক্ষদর্শীরা বলেন, “এই শহরে কেউ নিরাপদ নয়, আমরা পরবর্তীতে জানতে পারি উনি একজন রিপোর্টার। শুধুমাত্র রিপোর্টারই নয়, এই শহরে এদের হাত থেকে কেউ নিরাপদ নয়।”
উল্লেখ্য, রাজধানীতে ছিনতাই নিয়ে বর্তমানে জনমনে বিরাজ করছে আতংক। এ শহরে রাত ছাড়াও দিনের আলোতে বের হতে ভয় পায় সাধারণ মানুষ। এই দুর্ভোগ যেন দেখার কেউ নেই। দিনে দিনে রাজত্ব বৃদ্ধি করে তারা সঞ্চয় করছে সাহস। এরফলে পরবর্তীতে শুধুমাত্র ছিনতাইয়ে সীমাবদ্ধ না থেকে তারা যুক্ত হচ্ছেন মাদক ব্যবসা, ডাকাতি, ইভটিজিংসহ নানা কর্মকাণ্ডে।