প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৫:১৩ পিএম আপডেট: ০৫.০৭.২০২৫ ৫:২৩ PM

সংগৃহীত ছবি
ব্যবসায়িক কাজে সময় ও জটিলতা কমাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে এলো ‘এ-চালান’ সিস্টেম। এর মাধ্যমে এখন আমদানিকারক, রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা যেকোনো সময় শুল্ক ও কর অনলাইনে সরকারি কোষাগারে জমা দিতে পারবেন।
আজ শনিবার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড। এ উদ্যোগটি এনবিআর ও অর্থ বিভাগের একটি যৌথ কার্যক্রম। দুই পক্ষের যৌথ প্রচেষ্টায় এনবিআরের অ্যাসাইকোডা ওয়ার্ল্ড সিস্টেমের সঙ্গে অর্থ বিভাগের আইবিএএস++ বা আইবাস সিস্টেমকে সংযুক্ত করা হয়েছে বলে জানা যায়।
জাতীয় রাজস্ব বোর্ড জানায়, বিদ্যমান ব্যবস্থায় করদাতাগণ দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস পদ্ধতিতে যে শুল্ক-কর জমা দেন তা সরকারি ট্রেজারিতে জমা হতে কয়েকদিন সময় লেগে যায় বিধায় সরকারের আর্থিক ক্ষতি হয়। ‘এ-চালান’ পদ্ধতির মাধ্যমে করদাতারা ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট) কার্ড বা দেশের যেকোনো তফসিলি ব্যাংকের শাখা থেকে অর্থ জমা দিতে পারবেন। লেনদেন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেই অর্থ সরকারের কোষাগারে জমা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি পেয়ে যাবেন একটি স্বয়ংক্রিয় রসিদ নম্বর, যার মাধ্যমে দ্রুত পণ্য খালাস করা যাবে।
প্রসঙ্গত, চট্টগ্রাম কাস্টম হাউসে ১ ও ২ জুলাই প্রশিক্ষণ শেষে ৩ জুলাই থেকে পূর্ণাঙ্গভাবে চালু হয় ‘এ-চালান’ প্রক্রিয়া। শুরুতেই ১৩ কোটি টাকার বেশি শুল্ক তাৎক্ষণিকভাবে ট্রেজারিতে জমা হয়।
উল্লেখ্য, এর আগে কমলাপুর আইসিডি ও পানগাঁও কাস্টম হাউসে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। এবং ৭ জুলাই থেকে দেশের অন্যান্য কাস্টমস হাউসেও ‘এ-চালান’ প্রক্রিয়াটি চালু হতে যাচ্ছে।
বিশেষজ্ঞরা আশা করছেন, এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে রাজস্ব আদায় আরও স্বচ্ছ, সহজ ও গতিশীল হবে। একইসঙ্গে এটি সরকারের অর্থব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে এবং ব্যবসায়ীদের সময় ও ব্যয়, দুটোই সাশ্রয় করবে।