প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১২:২৬ AM

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচির গাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ হামলা চালায় দুর্বৃত্তরা।
এর আগে, একই স্থানে পরপর দুই দিন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এনসিপি দাবি করেছে, এসব হামলার মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়াতে চেয়েছে একটি সংঘবদ্ধ চক্র। বিশেষ করে দলের সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করেই এক দফা হামলা চালানো হয়, যাতে দলের চার নেতাকর্মী আহত হন।
বুধবারের হামলার পর রাত সাড়ে ১২টায় ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মন্তব্য করেছেন, “ফ্যাসিবাদী দোসর ও তাদের অনুসারীরাই এসব হামলার পেছনে রয়েছে।” অন্যরা মন্তব্য করেছেন, “এসব হামলা প্রমাণ করে এনসিপি এখন সত্যিকার অর্থেই গণমানুষের দলে পরিণত হচ্ছে।”
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে এনসিপি নেতারা দাবি করেছেন, অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে সারাদেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর