প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৪:১৮ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ভূমিদস্যু এমএ মতিনের ক্যাডার বাহিনীর সক্রিয় সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।
এর আগে সোমবার (৩০ জুন) দুপুরে আশুলিয়ার পূর্ব জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকার এমএস গলির রিপনের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটক মো. শামীম শেখ ওরফে মুন্না শেখ নড়াইল জেলা সদর থানার বল্লার টুপ গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে। তিনি ভূমিদস্যু এমএ মতিনের ক্যাডার বাহিনীর সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
শাহীনুর কবির বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকার এমএস গলির রিপনের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে শামীম শেখ ওরফে মুন্না শেখকে গ্রেফতার করা হয়। এ সময় তার কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো দা, তিনটি ছুরি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ওই এলাকায় অপরাধ সংঘটিত করার জন্য কিছু অপরাধী মিলিত হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে শামীম শেখ ওরফে মুন্না শেখকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যায়। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হান্নান, ওসি (অপারেশন) শফিকুল ইসলাম সুমনসহ থানার অন্যান্য কর্মকর্তারা।
পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/এমএম