প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৯:৫৭ AM

সংগৃহীত ছবি
নাটোরের নলডাঙ্গায় স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন শাকিল মন্ডল (৩২) নামে এক চা দোকানি। রোববার (২৯ জুন) দুপুর ১টার দিকে উপজেলার মাধনগর বাজার এলাকায় এক মণ দুধ দিয়ে গোসল করেন তিনি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল মন্ডল উপজেলার পূর্ব মাধনগর গ্রামের মৃত আলাল মন্ডলের ছেলে। মাধনগর বাজারে একটি ছোট চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি।
১৪ বছর আগে একই এলাকার তরুণী আঙ্গুরিকে ভালোবেসে বিয়ে করেন শাকিল। তবে সংসারে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল বলে স্থানীয়দের দাবি। চলতি মাসের ১ তারিখে স্ত্রী আঙ্গুরি তাকে তালাক দেন।
তালাকের ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন শাকিল। নিজের ভালোবাসা ব্যর্থ হওয়ায় হতাশ হয়ে পড়ে তিনি। সেই কষ্ট থেকেই প্রতিবাদস্বরূপ ও মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার আশায় রবিবার প্রকাশ্যে এক মণ তরল দুধ কিনে গোসল করেন।
শাকিল মন্ডল গণমাধ্যমকে বলেন, "ভালোবেসে আঙ্গুরিকে বিয়ে করেছিলাম। অনেক স্বপ্ন ছিল আমাদের সংসার ঘিরে। কখনো কল্পনাও করিনি সে আমাকে ছেড়ে যাবে। ডিভোর্সের পর নিজেকে খুব অপমানিত, অসহায় আর ভেঙে পড়া মনে হচ্ছিল। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই দুধ দিয়ে গোসল করেছি।"
স্থানীয়রা জানায়, ঘটনাটি দেখে অনেকে বিস্মিত হয়ে পড়েন। কেউ কেউ শাকিলের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, আবার কেউ বিষয়টিকে নাটকীয় ও অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া বলেও মন্তব্য করেছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং আলোচনার জন্ম দিয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর