প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৩:৫০ পিএম

সরকার জুলাই-অগাস্ট অভ্যুত্থান স্মরণে ঘোষিত তিনটি দিবসের মধ্যে ৮ অগাস্টের ‘নতুন বাংলাদেশ দিবস’ আর পালন করবে না। তবে ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ অগাস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে উদযাপন করা হবে।
রোববার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর সরকার তিনটি দিবস পালনের ঘোষণা দিয়েছিল। এর মধ্যে-
১৬ জুলাই: রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের মৃত্যুদিনকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করা হয়েছিল, যা এখন থেকে ‘জুলাই শহীদ দিবস’ নামে পালন করা হবে।
৫ অগাস্ট: আওয়ামী লীগ সরকারের পতনের দিনটিকে ঘোষণা করা হয় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে।
৮ অগাস্ট: নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হওয়ায় এই দিনটি ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।
তবে ৮ অগাস্টের দিবসটি নিয়ে বিতর্ক দেখা দেয়। ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন তা প্রত্যাখ্যান করে জানায়, জাতীয় মুক্তি দিবস হওয়া উচিত ৫ অগাস্ট, ৮ অগাস্ট নয়। তারা হুমকি দেয়, সরকার ওই দিন উদযাপন করলে তারা পালাবে ‘বিপ্লব-বেহাত দিবস’।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। অনেকে মনে করেন, অভ্যুত্থানের মূল চেতনা ও লক্ষ্য এখনো পূরণ হয়নি।
এই প্রেক্ষাপটে, উপদেষ্টা পরিষদের বৈঠকে ৮ অগাস্টের দিবসটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় শুধু ১৬ জুলাই ও ৫ অগাস্ট দিবস দুটি উদযাপন করা হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম