প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৫:৫৮ পিএম

নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম রুবেলকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।
সোমবার (২৩ জুন) রাতে রামনারায়নপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ৩০৩ রাইফেলের গুলি, ৭ রাউন্ড ১২ বোর কার্তুজ এবং একটি লোহার তৈরি চাপাতি উদ্ধার করা হয়।
আটক রুবেল ধর্মপুর গ্রামের হোসেন চৌধুরীর ছেলে।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, আটক রুবেলের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এলাকায় অস্ত্র সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতা রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।