প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১১:০৯ AM

ভৈরব রেলওয়ে জংশন স্টেশন থেকে একটি গুলিবিহীন পিস্তল ও ম্যাগাজিনসহ এক যুবককে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আটক যুবকের নাম শামিম (২২), তিনি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের আ. আজিজ মিয়ার ছেলে।
সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৮ টার দিকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে থেকে তাকে আটক করা হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিসার ইনচার্জ হাসান মাহমুদ জানান, রেলস্টেশনের প্ল্যাটফর্ম নম্বর ১-এ শামিমকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় কর্তব্যরত নিরাপত্তা সদস্যরা তাকে চৌকিতে নিয়ে যান। পরে দেহ তল্লাশি করে কোমরে গোঁজা অবস্থায় একটি পুরনো পিস্তল ও একটি গুলিবিহীন ম্যাগাজিন উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন,‘আটক যুবক শামিমের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়েরের পর তাকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।’
ঘটনার পর রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্ল্যাটফর্মে নজরদারি বাড়ানো হয়েছে।
এ বিষয়ে রেলওয়ে পুলিশ জানিয়েছে, শামিম কোথা থেকে অস্ত্রটি পেয়েছেন এবং তার উদ্দেশ্য কী ছিল- তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম