প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১০:৪৯ AM

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি এক রোগীর শরীরে টিটেনাস (ধনুষ্টংকার) শনাক্ত হওয়ার পর আইসিইউ সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সংক্রমণ প্রতিরোধে আইসিইউর সব রোগীকে দ্রুত অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
সোমবার (২৩ জুন) দুপুর ওই রোগীর শরীরে টিটেনাস শনাক্ত হয়। এরপর থেকে আইসিইউ এ থাকা অন্য রোগীদের দ্রুত সরানোর ব্যবস্থা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রাত ৯ টা পর্যন্ত তিনজন রোগী বাদে বাকি রোগীদের অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে।
আইসিইউ-এর কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ হেল বারী বলেন, ‘দুপুরে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া কুড়িগ্রামের চিলমারী থেকে আসা মহুবার রহমানের শরীরে টিটেনাস শনাক্ত হয়। এর পরপরেই তাকে আইসিইউ থেকে স্থানান্তর করা হয়।’
তিনি আরও বলেন, ‘মেডিকেলের আইসোলেশন সেন্টারে যাতে অন্য রোগীদের যাতে সংক্রমণ না ঘটে সেজন্য তাদেরও স্থানান্তর করা হয়েছে। পুরো আইসিইউকে সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করার জন্য আগামী ৩ থেকে ৪ দিন আইসিইউ সেবা বন্ধ রাখা হবে।’
জানা গেছে, মোট ৯ জন রোগীর মধ্যে ৫ জনকে অবস্থা অনুযায়ী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। ৩ জন রোগী ভেন্টিলেটরে আছেন, তাদেরকে বিকল্প ব্যবস্থাপনায় নেওয়া হবে রাতের মধ্যেই। এরপর কেমিকেল দিয়ে পরিষ্কার করার পর আবার আইসিইউ চালু হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম