ভ্রাতৃত্ববোধ-সম্প্রীতি-শৃঙ্খলার চর্চা করতেই ‘অলিম্পিক ডে’ রানের আয়োজন: সেনাপ্রধান
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১০:০২ AM

রভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, একতা এবং শৃঙ্খলার চর্চা বৃদ্ধির লক্ষ্যে ‘অলিম্পিক ডে রান-২০২৫’ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (২৩ জুন) সকালে জাতীয় স্টেডিয়ামে অলিম্পিক ডে রানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
সেনাপ্রধান জানান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে বছরব্যাপী নানা ধরনের শারীরিক ও ক্রীড়া কার্যক্রম চলবে, যা দেশের বিভাগীয় শহরসহ সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।
তিনি বলেন, ‘শরীরচর্চা ও খেলাধুলা একটি সুস্থ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। ঢাকায় মাঠের সংখ্যা দিন দিন কমে যাওয়ায় খেলাধুলার সুযোগ সংকুচিত হচ্ছে। তাই অলিম্পিক ডে রানের মতো উদ্যোগ মানুষের মাঝে সচেতনতা বাড়াবে এবং শরীরচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করবে।’
সেনাপ্রধান আরও বলেন, ‘ক্রীড়ামূলক এই আয়োজন শুধু স্বাস্থ্য নয়, জাতির মাঝে পারস্পরিক সম্মান, শৃঙ্খলা ও একতাও গড়ে তোলে। তাই এই আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।’
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সেনাবাহিনীর সদস্য, ক্রীড়াবিদ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/এমএম