প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ১২:১৭ পিএম

প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও এর আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
রোববার (২২ জুন) রাতে সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোট চলাচল স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গুয়ার হাওর এলাকা প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ-প্রতিবেশের ক্ষতি রোধকল্পে হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোটের যাতায়াত স্থগিত থাকবে। একইসঙ্গে পরিবেশের ক্ষতি হয়, এমন কাজ থেকে বিরত থাকতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এর আগে শনিবার (২১ জুন) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে হাওরের জীববৈচিত্র্য রক্ষায় ১৩ দফা নির্দেশনা প্রকাশ করা হয়। এসব নির্দেশনা মেনে চলার মাধ্যমে টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষা করা সম্ভব হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম