প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ১১:৩২ AM

বাংলাদেশ যদি চারটি প্রধান চ্যালেঞ্জ মোকাবিলা করতে ব্যর্থ হয়, তাহলে আবারও রাজনৈতিক অস্থিতিশীলতার মুখে পড়তে পারে- এমন সতর্কবার্তা দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আলী রীয়াজ।
সোমবার (২৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, ‘বাংলাদেশে টেকসই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য শুধু কোনো অস্থায়ী সরকার নয় বরং সব রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’
তিনি বলেন, ‘এমন পদক্ষেপ নিতে হবে, যেন নতুন করে স্বৈরতন্ত্রে তৈরির পথ সৃষ্টি না হয়। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অনেক দেশের মতো রাজনৈতিক অস্থিরতায় না পড়ে বরং গণতন্ত্রে টেকসই অগ্রগতি নিশ্চিত করতে হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, ‘শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, দায়মুক্তির সংস্কৃতি দূর করা এবং আন্তর্জাতিক ভূ-রাজনীতির সঙ্গে খাপ খাওয়ানো- এই চারটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে, দেশ পুনরায় অস্থিতিশীলতার ঝুঁকিতে পড়তে পারে।’
নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ‘যেসব দেশ শান্তিপূর্ণ ক্ষমতার পালাবদলে সফল হয়েছে, তারা গণতন্ত্রে ফেরার পথটিও মসৃণ করেছে।’
রাষ্ট্র সংস্কারের গুরুত্ব তুলে ধরে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আরও বলেন, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যদি আগের স্বৈরতান্ত্রিক ধারা বহন করে চলে, তাহলে গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে। সাংবিধানিক ও আইনগত সংস্কারের মাধ্যমে এমন কাঠামো তৈরি করতে হবে, যা স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তির ঝুঁকি কমাবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম