প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ১০:২৭ AM

ঝালকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা শাহ আলম খান ফারসুকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ জুন) রাতে শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
তিনি ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং ঝালকাঠি পৌরসভার সাবেক নির্বাচিত কাউন্সিলর।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ২০২২ সালের ৫ জানুয়ারি বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় ফারসুকে গ্রেফতার দেখানো হয়েছে।
মামলাটি করেন ঝালকাঠি জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তা বেগম (৩৩)।
অভিযোগে বলা হয়, সেদিন সকালে বিএনপির মিছিলে দেশীয় অস্ত্র ও ককটেল বোমা নিয়ে হামলা চালান অভিযুক্তরা। এতে মুক্তা বেগম, যিনি তখন তিন মাসের অন্তঃসত্ত্বা, গুরুতর আহত হন।
তার দাবি, মারধর ও লাথির আঘাতে গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। পরে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর ঝালকাঠি সদর থানায় মামলাটি দায়ের করেন তিনি।
গ্রেফতারকৃত শাহ আলম খান ফারসুকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম