প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৮:৪৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ‘প্রতিবন্ধী শিক্ষার্থী ক্ষমতায়ন সম্পাদক’ পদসহ আট দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন ছাত্রদল নেতা তানভীর বারী হামিম। রোববার (২২ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা-র কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন তিনি। এসময় বেশ কয়েকজন প্রতিবন্ধী শিক্ষার্থীও উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা আটটি দাবির মধ্যে রয়েছে—
১. ডাকসুতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ‘প্রতিবন্ধী ক্ষমতায়ন সম্পাদক’ পদ সৃষ্টি
২. ক্যাম্পাসে অবকাঠামোগত উন্নয়ন ও প্রবেশযোগ্যতা (accessibility) নিশ্চিত
৩. শহীদ ড. মো. মোর্তজা মেডিকেল সেন্টারে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য আলাদা সেবা
৪. প্রশাসনিক ভবনে প্রতিবন্ধীবান্ধব সেবা নিশ্চিত
৫. প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত ওয়াশরুম সুবিধা
৬. সচেতনতামূলক সেমিনার আয়োজন
৭. সাধারণ শিক্ষার্থীদের পরিচালনায় প্রতিবন্ধী সহায়ক ক্লাব গঠন ও অফিস কক্ষ বরাদ্দ
৮. দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও উচ্চশিক্ষায় সহায়তা প্রদান
কমল মেডিএইড, ঢাবি-র প্রতিষ্ঠাতা ও ডাকসুতে পদ সংক্রান্ত দাবির উদ্যোক্তা তানভীর বারী হামিম বলেন, “ঈদের আগেই আমরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনায় বসেছিলাম। সেই বৈঠকে অংশ নেওয়া প্রায় পঞ্চাশজন শিক্ষার্থী তাঁদের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরেন। আজকের স্মারকলিপির মধ্য দিয়ে আমরা সেগুলোই তুলে ধরেছি প্রশাসনের কাছে।”
স্বদেশ প্রতিদিন/কেএইচ