প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৯:০০ পিএম

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২২ জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার
করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
কর্তৃপক্ষ।
শনিবার (২১ জুন) রাতে পুলিশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ,
প্রক্টোরিয়াল বডি এবং ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।
ইউআইইউ জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত মোস্তাসির বিল্লাহ জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে রাতে পুলিশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রক্টোরিয়াল বডি এবং ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আশা করছি ছাত্ররা এবার ক্লাসে ফিরে আসবেন। এরপর কেউ আন্দোলন করলে তার দায়-দায়িত্ব তাদের নিতে হবে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের এই ঘোষণায় কিছু শর্ত থাকায় আন্দোলনকারীরা এখনও আন্দোলন স্থগিত করবেন কি না, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তাদের দাবি, ‘শর্তযুক্ত’ বহিষ্কার প্রত্যাহার প্রকৃত সমাধান নয়।
এর আগে সন্ধ্যা ৬ টায় এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা কর্তৃপক্ষকে রাত ৮টার মধ্যে বহিষ্কারাদেশ তুলে নেওয়ার আলটিমেটাম দেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের প্রতিনিধি ফয়সাল বলেন, ‘আমরা চাই সমস্যার সম্মানজনক সমাধান। যদি রাত ৮ টার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না হয়, তবে কঠোর কর্মসূচি শুরু করবো।’
শিক্ষার্থীরা জানান, রোববার (২২ জুন) ঢাকাসহ সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করা হবে। সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম