প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ১:৩১ পিএম

ইরানের বিপ্লবী গার্ডের বিদেশি শাখার একজন সিনিয়র কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যা করার দাবি করেছে ইসরাইল।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, ইরানের কুম শহরের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালিয়ে ইজাদিকে হত্যা করা হয়েছে।
তবে আল জাজিরা বলছে, ‘এই একই হামলায় ১৬ বছর বয়সি এক কিশোর নিহত হয়েছে। এখনো নিশ্চিত হওয়া যায়নি, সাঈদ ইজাদি ও ওই কিশোর একই হামলায় মারা গেছেন কি না।’
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, সাঈদ ইজাদি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগেই তাদের অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করেছিলেন। তার মতে, এই হত্যাকাণ্ড ইসরাইলি গোয়েন্দা ও বিমান বাহিনীর বড় সাফল্য।
তিনি আরও বলেন, ‘নিহত ও অপহৃতদের জন্য এটি ন্যায়বিচার। ইসরাইলের লম্বা হাত তার শত্রুদের যেকোনো জায়গায় পৌঁছাতে সক্ষম।’
এর আগে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, কুম শহরের একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় এক কিশোর নিহত এবং আরও দুজন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই হামলার পেছনের প্রকৃত লক্ষ্য সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।
সূত্র: আল জাজিরা
স্বদেশ প্রতিদিন/এমএম