জনসংযোগ-নিরাপত্তার মিশ্রণে দায়িত্ব পালনে এসএসএফের সদস্যদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৪:০৮ পিএম

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের জনসংযোগ ও নিরাপত্তার সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৮ জুন) এসএসএফ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘প্রধান উপদেষ্টার দরবার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘অন্য বাহিনীর তুলনায় এসএসএফ-এর কাজ অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। আমি তাদের পেশাদারিত্ব এবং আন্তরিকতায় সন্তুষ্ট।’
তিনি আরও বলেন, ‘বর্তমান বিশ্বে নিরাপত্তা হুমকির ধরন প্রতিনিয়ত বদলাচ্ছে। এর মধ্যে থেকেও এসএসএফ দক্ষতার সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করছে, যা প্রশংসনীয়। তাদের আরও প্রস্তুত থাকতে হবে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায়।’
ড. ইউনূস বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইট চলাচলের জন্য দীর্ঘ সময় সাধারণ ফ্লাইট বন্ধ রাখার যে প্রথা ছিল, তা তুলে দেওয়া হয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করছি।’
সব বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এসএসএফ-কে আধুনিক, চৌকস ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসার থেকে চৌকস সদস্য নির্বাচন করে প্রেরণ করায় সংশ্লিষ্ট বাহিনীপ্রধানদের ধন্যবাদ জানাই। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ সহায়তা প্রশংসনীয়।’
অনুষ্ঠানে এসএসএফ সদস্যদের উদ্দেশে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আপনারা রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে জনগণের সঙ্গে যোগাযোগ রেখে, সম্মিলিতভাবে দায়িত্ব পালন করুন। নিরাপত্তা এবং জনগণের মধ্যে একটি ভারসাম্য স্থাপন করতে হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম