প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৯:০৫ পিএম আপডেট: ১৭.০৬.২০২৫ ১২:১৩ এএম

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারের বিসমিল্লাহ রেস্টুরেন্টকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ জুন) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন। অভিযানে সহায়তা করেন মেঘনা থানা পুলিশের একটি দল।
অভিযানের সময় দেখা যায়, হোটেলটিতে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। রান্নাঘরে নেই যথাযথ পরিচ্ছন্নতা, পাত্র ও থালাবাসন অপরিচ্ছন্ন, পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর। এসব কারণে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৫২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন স্বদেশ প্রতিদিনকে বলেন, “সাধারণ জনগণের স্বাস্থ্য নিয়ে কেউ যেন ব্যবসা না করতে পারে, সেজন্যই আমাদের এই অভিযান। আমরা নিয়মিতভাবে বাজার তদারকি করছি, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও ভোক্তার অধিকার রক্ষা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে মেঘনার প্রশাসন দৃঢ় অবস্থানে রয়েছে। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/কেএইচ