প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৮:৫৯ পিএম

জুনের তাপদগ্ধ দুপুর, ধুলোমাখা পথ — তারই মাঝে হাতে করে চারা গাছ নিয়ে এগিয়ে যাচ্ছে একদল তরুণ। পরিবেশ রক্ষায়, ভবিষ্যৎকে সবুজ করতে তারা এগিয়ে চলছে নীরবে কিন্তু দৃপ্ত পায়ে। টাঙ্গাইলের নাগরপুরে এমনই এক ‘সবুজ অভিযাত্রা’ শুরু করেছে উপজেলা ছাত্রদল।
বিশ্ব পরিবেশ দিবসকে ঘিরে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত ১৫ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৫ জুন) নাগরপুর থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব মো. শহিদুর রহমান মনিরের নেতৃত্বে একাধিক চারা রোপণের মাধ্যমে শুরু হয় এই প্রাণবন্ত কর্মসূচি।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ হাসান জাহিদ, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, এ কর্মসূচি শুধু থানায় সীমাবদ্ধ থাকবে না; পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে দেওয়া হবে। মূল উদ্দেশ্য—পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ-সচেতনতা গড়ে তোলা।
স্বদেশ প্রতিদিন/কেএইচ