প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ১১:৩৮ পিএম আপডেট: ০৯.০৬.২০২৫ ১১:৪৩ PM

মৌলভীবাজারের জুড়ীতে মেয়েকে সাঁতার শিখাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
তারা হলেন হামিদপুর গ্রামের বাসিন্দা ইটভাটা ব্যবসায়ী বাবুল আহমদ (৬০) ও তার মেয়ে হালিমা মোহাম্মদ (১৮)।
জানা যায়, ঈদুল আজহার ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল ব্যবসায়ী বাবুল আহমদের মেয়ে, ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হালিমা মোহাম্মদ। সেই সুযোগে সাঁতার শিখতে পুকুরে নেমেছিল মেয়ে হালিমা আর সাঁতার শেখাচ্ছিলেন বাবা বাবুল।
একপর্যায়ে মেয়ে ডুবে গেলে তাকে রক্ষা করার চেষ্টা করেন বাবা। এ সময় দুজনই ডুবে মারা যান।
বিকেলে বাবুল আহমদের বাড়িতে গিয়ে দেখা যায়, একসঙ্গে বাবা ও মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের বাড়িতে ভিড় করেন স্বজন ও প্রতিবেশীরা। আলাদা দুটি কক্ষে বাবা-মেয়ের লাশ রাখা। লাশের পাশে বসে স্বজনেরা বিলাপ করছেন। প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
জুড়ী থানার ওসি (তদন্ত) জহিরুল হক জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বাবা-মেয়ের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর