ঈদের দিনে স্ত্রীর গলা কেটে পালালেন স্বামী, অতঃপর...
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১:৩৭ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের দিন সকালে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে এক ব্যক্তি। পারিবারিক কলহের জেরে এ্যামি বেগম (১৯) নামের ওই গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হাসিবুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
শনিবার (৭ জুন) সকালে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত এ্যামি বেগম ওই ইউনিয়নের বাসিন্দা ইসরাক হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। ঈদের দিন সকালে সেই কলহ চরমে পৌঁছায়। একপর্যায়ে স্বামী হাসিবুল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী এ্যামিকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। পরিবারের সদস্যরা পরে ঘটনা টের পেয়ে দ্রুত পুলিশে খবর দেয়। পাটগ্রাম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের কারণেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। অভিযুক্ত স্বামী হাসিবুলকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহত এ্যামির মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।
স্বদেশ প্রতিদিন/এনআর