প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ২:০৬ পিএম আপডেট: ০৬.০৬.২০২৫ ৫:২২ PM

ঈদুল আজহার দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৬ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, শনিবার (ঈদের দিন) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, ঈদের জামাতের সময় দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে দুপুরের পর চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
এ ছাড়া আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-একটি স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
ঈদের দ্বিতীয় দিন (রোববার) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওইদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি সপ্তাহের শেষদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।
স্বদেশ প্রতিদিন/এনআর