প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৫:৩৭ পিএম

পবিত্র হজের খুতবায় ফিলিস্তিনিদের জন্য আবেগঘন দোয়া করেছেন মসজিদুল হারামের ইমাম শায়খ ড. সালেহ বিন হুমাইদ। একই সঙ্গে মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও তাকওার পথে চলার গুরুত্ব তুলে ধরেছেন তিনি।
বৃহস্পতিবার মিনায় আরাফাতের ময়দানে দেওয়া খুতবায় তিনি বলেন, “হে আল্লাহ! ফিলিস্তিনের ভাইবোনদের হেফাজত করো, ক্ষুধার্তদের খাদ্য দাও এবং আশ্রয়হীনদের আশ্রয় দাও। তাদের শত্রুদের হাত থেকে রক্ষা করো ও নিরাপত্তা দাও।”
শায়খ হুমাইদ মুসলমানদের পারস্পরিক ভালোবাসা, সহানুভূতি ও ঐক্য বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, “শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু। তাই তাদের উচিত পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সংহতি বজায় রাখা।”
খুতবায় তিনি আরও বলেন, “তাকওয়া ঈমানদারের বৈশিষ্ট্য, আর ইসলামের সর্বোচ্চ স্তর হলো ইহসান। পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার, প্রতিশ্রুতি পূরণ, নম্রতা ও লজ্জাশীলতা—সবই ইমানের অংশ।”
তিনি হাজিদের উদ্দেশে বলেন, “হজের সময় বেশি বেশি আল্লাহর জিকির করো, দোয়া করো এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাও। আল্লাহ বলেন, তোমরা সৎ কাজে একে অপরকে সহায়তা করো, মন্দ কাজে নয়।”
খুতবা সরাসরি সম্প্রচার হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে, যেখানে কোটি কোটি মুসলমান তা শ্রবণ করেন।