‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

যুক্তরাজ্যের ‘
কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ পাচ্ছেন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১০ থেকে ১৩ জুন পুরস্কার গ্রহণ এবং দ্বিপক্ষীয় সফরে যুক্তরাজ্য সফর করবেন তিনি। এ সফরকালে প্রধান উপদেষ্টা এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের একটি দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে।
বুধবার (৪ জুন) প্রধান উপদেষ্টার সফর উপলক্ষে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, মানুষ, প্রকৃতি ও পরিবেশের মধ্যে সঙ্গতিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনাচরণে ইতিবাচক পরিবর্তন সাধন এবং একটি শান্তিপূর্ণ, সৌহার্দ্যময় ও টেকসই পৃথিবী বিনির্মাণের চলমান প্রচেষ্টায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস এ বছরের সম্মানজনক ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড’ এর জন্য প্রধান উপদেষ্টাকে মনোনীত করেছেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক সেক্রেটারি অব স্টেট ডেভিড ল্যামি, কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, রাজনৈতিক নেতা ও থিংক ট্যাঙ্কের শীর্ষস্থানীয় ব্যক্তিরা প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন বলে আশা করা হচ্ছে।
আগামী ১২ জুন লন্ডনের সেন্ট জেমস’স প্যালেসের এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। এই পুরস্কার বিশ্ব মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো দৃপ্ত ও উজ্জ্বল করবে বলে জানান পররাষ্ট্র সচিব।
প্রসঙ্গত, রাজা তৃতীয় চার্লস তথা তৎকালীন প্রিন্স অব ওয়েলস ১৯৯০ সালে ‘দ্য কিংস ফাউন্ডেশন’ নামে প্রতিষ্ঠা করেন যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থাটি। ২০২৪ সালে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়নে অনবদ্য অবদান রাখায় ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুনকে দেওয়া হয় সম্মানসূচক হারমনি পুরস্কার।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো গভীর ও সুসংহত হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, এটি বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে আরো শক্তিশালী করবে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে পৌঁছে দিবে নতুন উচ্চতায়।
তিনি আরো বলেন, এটি চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাসী আমি।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশে দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা।
স্বদেশ প্রতিদিন/আইজেপি