প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১২:২১ AM

সংগৃহীত ছবি
দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ংকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার এক শুভেচ্ছা বার্তায় তিনি প্রেসিডেন্ট লির নির্বাচনে আনন্দ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বলেন, "কোরিয়ার মানুষ আপনার নেতৃত্বে বিশ্বাস রেখেছে। আপনার এই জয় তাদের আস্থারই প্রমাণ।"
তিনি আরও বলেন, "আপনার দেশের মানুষ যেন শান্তি ও উন্নতির পথে এগোতে পারে, সেই কামনা করি। আপনি তাদের আশা পূরণে সফল হোন—এটাই আমাদের প্রত্যাশা।"
দুই দেশের সম্পর্ক নিয়ে তিনি বলেন, "বাংলাদেশ ও কোরিয়ার বন্ধুত্ব অনেক দিনের। কোরিয়া আমাদের উন্নয়নে সব সময় পাশে আছে। আমরা চাই, আপনার সময়ে এই সম্পর্ক আরও শক্তিশালী হোক।"
প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট লি জে-মিয়ংকে কাজের বিশেষ প্রশংসা করেন। তিনি বলেন, “আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি আপনার উদ্যোগে গঠিত জুবিলি ব্যাংকের কথা, যা স্বল্প আয়ের মানুষের জন্য ক্ষুদ্রঋণ প্রদান করে কোরিয়ায় লাখ লাখ মানুষের জীবন পরিবর্তন করেছে।”
অধ্যাপক ইউনূস আরও বলেন, “প্রধান উপদেষ্টা হিসেবে এবং একজন ক্ষুদ্রঋণ এর প্রবক্তা হিসেবে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি আগ্রহী।”
শেষে তিনি প্রেসিডেন্ট লির ভালো থাকা ও দেশের সমৃদ্ধি কামনা করেন।
গত বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন লি জে-মিয়ং। তিনি ডেমোক্র্যাটিক পার্টির নেতা।
সূত্র: বাসস
স্বদেশ প্রতিদিন/এনআর