প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৪:৫২ পিএম

নোয়াখালীর সেনবাগে কোরবানির পশুর হাটে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম জাকার উল্লাহ (৫০)। তিনি জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আশরাদ মিয়াজি বাড়ির বাসিন্দা।
সোমবার (২ জুন) বিকেলে সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের ফকিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে জাকার উল্লাহ দুটি ছাগল নিয়ে কবিরহাট উপজেলা থেকে সেনবাগের ফকিরহাট বাজারে কোরবানির পশুর হাটে আসেন। তিনি সেখানে একটি ছাগল বিক্রি করেন। এরপর দ্বিতীয় ছাগলটি বিক্রি করে টাকা নেওয়ার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, তিনি স্ট্রোক করে মারা গেছেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি আমরা জানতে পেরেছি। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরে জানতে পারি, নিহত জাকার উল্লাহকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম