প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৭:৪১ পিএম

ফাইল ছবি
দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আবারও চালু হতে যাচ্ছে বিশেষ ভাতা। ২০২২ সাল থেকে এই ভাতা স্থগিত ছিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী জুলাই থেকেই এই ভাতা চালু হতে পারে।
বিশেষ এই ভাতা মূলত দেশের হাওড়, চর ও দ্বীপ অঞ্চলের শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে। সম্ভাব্য এলাকাগুলোর মধ্যে রয়েছে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালীসহ আরও কয়েকটি জেলা।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাওড়, চর বা দ্বীপ এলাকার স্থায়ী বাসিন্দারা যদি নিজ উপজেলায় কর্মরত থাকেন, তাহলেও তারা বিশেষ ভাতা পাবেন—এ বিধান চালু করা হয়েছে। অর্থাৎ এ ভাতা পাওয়ার ক্ষেত্রে আগে থাকা ‘নিজ এলাকায় কর্মরত থাকলে ভাতা পাওয়া যাবে না’—এই শর্তটি বাতিল করা হয়েছে।
শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশের প্রায় ২৫টি উপজেলায় বিস্তৃত হাওড়, চর ও দ্বীপ এলাকায় কয়েক হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব দুর্গম এলাকায় শিক্ষক নিয়োগ এবং ধরে রাখাই এতদিন বড় চ্যালেঞ্জ ছিল। সংশ্লিষ্টদের মতে, বিশেষ ভাতা চালুর ফলে এসব অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ