প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ১০:১৭ পিএম আপডেট: ০২.০৬.২০২৫ ১০:১৬ এএম

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১ জুন) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত এই এনফোর্সমেন্ট অভিযানে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, বলে জানিয়েছেন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের জানান, “নিয়োগে অনিয়মের অভিযোগে নগদে অভিযান চালানো হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”
অভিযান শেষে দুদকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগে অনিয়মের বিষয়ে প্রাথমিক সত্যতা মেলায় বিষয়টি এখন আধিকতর তদন্তের আওতায় আনা হয়েছে।
এই তদন্তের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ এবং তাঁর স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
অন্যদিকে, ১৫০ কোটি টাকার অর্থ আত্মসাত সংক্রান্ত অভিযোগ যাচাইয়ে নগদের সংশ্লিষ্ট রেকর্ড চেয়েছে দুদক। এই রেকর্ড পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে সকল তথ্য-উপাত্ত যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বদেশ প্রতিদিন/এসএইচ