
এক যুগান্তকারী ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
বাংলাদেশ ব্যাংক এক যুগান্তকারী সিদ্ধান্তে নতুন করে প্রকাশিতব্য ব্যাংক নোটগুলোতে আর শেখ মুজিবুর রহমানের ছবি না রাখার ঘোষণা দিয়েছে। নতুন ডিজাইনের নোটগুলোতে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হবে।
গতকাল (২৯ মে) কেন্দ্রীয় ব্যাংকের এই ঘোষণায় দেশের জনগণের স্বস্তি প্রকাশ। অনেকেই মনে করছেন, এর মাধ্যমে নোটের নকশায় দেশের প্রকৃত ইতিহাস, ঐতিহ্য ও গ্রামীণ জীবন ফিরে আসবে, যা এতদিন রাজনৈতিক উদ্দেশ্যে উপেক্ষিত ছিল। বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন এন্ড পাবলিকেশন ডিপার্টমেন্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এরআগে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সকল টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত করায় সমালোচনার ঝড় উঠেছিল। তখন অনেকেই যুক্তি দিয়েছিলেন যে, এটি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বাংলার ইতিহাস, ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতিকে উপেক্ষা করে নোটের সৌন্দর্য নষ্ট করার নামান্তর। নতুন এই সিদ্ধান্তে জনমনে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ জনগণ মনে করছে, এবার নোটগুলো তাদের নিজস্ব সংস্কৃতি, প্রকৃতি এবং ঐতিহ্যের প্রতিচ্ছবি হবে।
উল্লেখ্য, আগামী ১ জুলাই থেকে প্রাথমিকভাবে ১০০০, ৫০ এবং ২০ টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য মূল্যমানের নোট থেকেও শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নতুন ডিজাইন প্রবর্তনের পরিকল্পনা রয়েছে। এই নতুন নোটগুলো বিদ্যমান নোটগুলোর সঙ্গে সমান্তরালে বৈধ ও লেনদেনে গ্রহণযোগ্য হবে।
নতুন নোটের নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্যঃ
১০০০ টাকার নোট (১৬০ মিমি × ৭০ মিমি): এই নোটে থাকবে সিকিউরিটি থ্রেড, জলছাপ, মাইক্রোপ্রিন্ট, ইউভি ফ্লুরোসেন্স, ইরিডেসেন্ট স্ট্রাইপ এবং ওভারল্যাপিং ইমেজ এর মতো উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য।
৫০ টাকার নোট (১৩২ মিমি × ৬০ মিমি): এই নোটে থাকছে সিকিউরিটি থ্রেড, জলছাপ, মাইক্রোপ্রিন্ট, ইউভি ফ্লুরোসেন্স এবং ওভারল্যাপিং ইমেজ।
২০ টাকার নোট (১২৩ মিমি × ৬০ মিমি): এই নোটেও সিকিউরিটি থ্রেড, জলছাপ, মাইক্রোপ্রিন্ট, ইউভি ফ্লুরোসেন্স এবং ওভারল্যাপিং ইমেজ এর মতো সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে।
জানা যায়, ২০ টাকার নোটে কান্তজিউ মন্দির ও পাহাড়পুর বৌদ্ধবিহার, ৫০ টাকার নোটে আহসান মঞ্জিল ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সংগ্রাম’ চিত্রকর্ম, এবং ১০০০ টাকার নোটে জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় সংসদ ভবনের ছবি শোভা পাবে। এছাড়াও, নতুন নোটগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবন এবং গ্রামীণ জীবনের চিত্রও অন্তর্ভুক্ত হতে পারে। এই নতুন নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো জাল নোট প্রতিরোধে অত্যন্ত সহায়ক হবে ধারণা করা যাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস