প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ১১:০৩ AM

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ (৩০ মে) বিক্রি হচ্ছে ৯ জুনের ট্রেনের টিকিট।
বাংলাদেশ রেলওয়ে জানায়, শুক্রবার (৩০ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট বিক্রি হবে আজ ৩০ মে; ১০ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৩১ মে; ১১ জুনের আসনের টিকিট বিক্রি হবে ১ জুন; ১২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৩ জুন; ১৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৪ জুন এবং ১৫ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৫ জুন।
এই বিশেষ ব্যবস্থায় ঈদের পরবর্তী সাত দিনের ট্রেন টিকিট অগ্রিম বিক্রি করা হবে। তবে এই সময়ের কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।
প্রতিজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ ৪টি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক আসনের টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময়ই যুক্ত করতে হবে।
বাংলাদেশ রেলওয়ে আশা করছে, এই বিশেষ ব্যবস্থায় যাত্রীরা নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারবেন এবং টিকিট কালোবাজারি রোধে অনলাইন সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে।
স্বদেশ প্রতিদিন/এমএম