প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ১১:০০ AM আপডেট: ২৮.০৫.২০২৫ ১১:৩০ এএম

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে ৩১ তম বারের মতো সফল ভাবে আরোহন করেন নেপালের বিখ্যাত পর্বতারোহী কামি রিতা শেরপা। তার এই আরোহন বিশ্বে নতুন রেকর্ড গড়েছে। এভারেস্টে সবচেয়ে বেশি সংখ্যকবার উঠার এই রেকর্ড আগে থেকেই তার দখলে ছিল।
মঙ্গলবার (২১ মে) স্থানীয় সময় ভোর চারটায় একটি ভারতীয় সেনা দলের নেতৃত্বে কামি রিতা এভারেস্ট চূড়ায় পৌঁছান। অভিযানের আয়োজন করেছিল নেপালের সেভেন সামিট ট্রেকস নামের একটি পর্বতারোহণ সংস্থা।
সেভেন সামিট ট্রেকসের এক বিবৃতিতে বলা হয়, ‘কামি রিতার কোনো পরিচয়ের প্রয়োজন নেই। তিনি শুধু নেপালের জাতীয় গর্ব নন, এভারেস্ট অভিযানের আন্তর্জাতিক প্রতীকও বটে।’
১৯৯৪ সালে বাণিজ্যিক গাইড হিসেবে প্রথমবারের মতো এভারেস্ট আরোহন শুরু করেন কামি রিতা। এরপর প্রায় প্রতিটি বছরে তিনি এভারেস্ট অভিযানে অংশ নিয়েছেন, কখনো কখনো একই মৌসুমে দু’বারও সফল হয়েছেন।
বর্তমানে সবচেয়ে বেশি আরোহনের দ্বিতীয় অবস্থানে রয়েছেন আরেক নেপালি শেরপা পাসাং দাওয়া, যিনি এখন পর্যন্ত ২৯ বার মাউন্ট এভারেস্টে উঠেছেন।
স্বদেশ প্রতিদিন/এমএম