প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ১০:১৯ পিএম

কুমিল্লার তিতাসে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।
শনিবার (২৪ মে) বিকেলে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের নৌকার চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুজ্জামান খোকা এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান শান্তি।
জানা যায়, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত বছরের ৫ আগস্ট গৌরিপুর টু হোমনা সড়কের তিতাস উপজেলার অংশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন করে। ওই আন্দোলনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ছাত্র-জনতার ওপর বিস্ফোরক নিক্ষেপ এবং হামলা করার অভিযোগে দায়ের করা মামলার এজহারনামীয় আসামি আরিফুজ্জামান খোকা ও মজিবুর রহমান শান্তি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ বলেন, ‘গ্রেপ্তারকৃত দুই জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিতাস থানার মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।'
স্বদেশ প্রতিদিন/কেএইচ