
টাঙ্গাইলে সরকারি সহায়তার আশায় না থেকে সদর উপজেলার হুগড়া ইউনিয়নে ৬টি কাঠের সেতু স্বেচ্ছাশ্রমে তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সামাজিক সংগঠন ‘এসি আকরাম ফাউন্ডেশন’। এর ফলে লাঘব হয়েছে আসন্ন বর্ষায় ওই ইউনিয়নের প্রায় ২৫টি গ্রামের লক্ষাধিক মানুষের ভোগান্তি।
কাঠের সেতুগুলো হচ্ছে- দক্ষিণ হুগড়া, গায়েনপাড়া, হুগড়া পুরাতন জামে মসজিদ, উত্তর হুগড়া ডাক্তারবাড়ি, মন্ডল মোড়ের উত্তরে রহিমের বাড়ি সংলগ্ন এবং পূর্ব চিনাখালির গেদা গায়েনের বাড়ি সংলগ্ন কাঠের সেতু। প্রতিটি সেতু গড় দৈর্ঘ্য ১১০ ফুট এবং প্রস্থ ৭ ফুট। এসব সেতু দিয়ে অনায়াসে একটি ভ্যান মালামাল বা যাত্রী নিয়ে যাতায়াত করতে পারবে। সেতু তৈরিতে ব্যবহার করা হয়েছে ইট-সিমেন্ট-রডের পিলার বা খুঁটি, লোহার অ্যাঙ্গেল এবং কাঠের ফালি বা মোটা তক্তা।
স্বেচ্ছাশ্রমে নিয়োজিতদের মধ্যে রয়েছে হুগড়া ইউনিয়নের রিপন মন্ডল, সোলাইমান, কবির, মাসুম, সিয়াম চাকলাদার, রউফসহ প্রমুখ। তাদের পাশাপাশি এই স্বেচ্ছাশ্রমে অংশ নেন স্থানীয় অন্য যুবকরাও।
স্থানীয় সূত্রানুযায়ী, এলাকায় ছোট-বড় খালে সাঁকো বা সেতু না থাকায় প্রতি বর্ষায় চরম ভোগান্তি পোহাচ্ছিলেন স্থানীয়রা। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও হয়নি কোনো সুফল। পরে বাধ্য হয়ে জনভোগান্তি লাঘবে স্বেচ্ছাশ্রমে সেতু তৈরির উদ্যোগ নেয় সামাজিক সংগঠন ‘এসি আকরাম ফাউন্ডেশন’ এর যুবদল।
এলাকার বাসিন্দা মুকুল মন্ডল, সিয়াম চাকলাদার, আমির মন্ডলসহ অনেকেই চরাঞ্চলের এই হুগড়া ইউনিয়নের অবহেলিত হওয়া বিষয়ে জানান। প্রতিবছর বর্ষা এলেই পানিবন্দি হয়ে পড়ে এই চরাঞ্চলের মানুষ।
তারা আরো বলেন, সেতুগুলো তৈরির পূর্বে এলাকার কয়েকজন যুবক ইউনিয়ন ঘুরে দুর্ভোগ এলাকার চিহ্নিত করে। পরে সেতু তৈরির প্রয়োজনীয়তা উল্লেখ করে তা এসি আকরাম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকের কাছে জানায়। সেই সাথে অবকাঠামো ব্যবস্থার আবেদনও করে। শুধু কাঠের সেতুই নয় বৃষ্টিতে নষ্ট হওয়া রাস্তা, মাটি ভরাট করে চলাচলের উপযোগী করা, কারো ফসল বৃষ্টির পানিতে ভিজে গেলে সহায়তা করা কিংবা ফসল বানের পানিতে ডুবতে থাকলে সহযোগিতা করাসহ ইত্যাদি কাজে সহায়তা করে থাকে এই সংগঠন।
সরকারি প্রকল্পের দীর্ঘসূত্রতার অপেক্ষা না করে স্থানীয় ইউপি চেয়ারম্যান এসি আকরাম ফাউন্ডেশনের অর্থায়নে এবং যুবকদের স্বেচ্ছাশ্রমে ইউনিয়নে তৈরি হয়েছে ছোট-খাটো কাঠের সেতু। সরকারের কাছে অবহেলিত হুগড়া ইউনিয়নের কাজগুলোর স্থায়ী রূপ দেওয়ার দাবি জানান তারা।
হুগড়া ইউপি চেয়ারম্যান নুরী-ই-আলম তুহিন জানান, যমুনা নদীর তীর ঘেঁষা এ ইউনিয়নে প্রান্তিক জনগোষ্ঠীর বসবাস। এর আগে নদী ভাঙন ছিল ইউনিয়নের সবচেয়ে বড় দুর্ভোগ। বর্তমানে ভাঙন প্রতিরোধ করা হয়েছে। এরপরও প্রতি বছর বর্ষার পানিতে পানিবন্দি হয়ে পড়ে লক্ষাধিক মানুষ। বিভিন্ন গ্রাম-গঞ্জে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোসহ বেশ কিছু কাজের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে এই ‘এসি আকরাম ফাউন্ডেশন’।
উল্লেখ্য, সেতুগুলো তৈরির ফলে সুফল আসবে দক্ষিণ হুগড়া মন্ডল পাড়া, বারালিপাড়া ও খান পাড়াসহ বেশ কয়েকটি এলাকার মানুষের যাতায়াতে। লাঘব হবে দীর্ঘদিনের ভোগান্তি।
স্বদেশ প্রতিদিন/আইজেপি