প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৭:৪২ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় গরমিল পাওয়ায় এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তিনি জানান, ২০০৮ সালের নির্বাচনে হলফনামায় দাখিল করা সম্পদ বিবরণী ও শেখ হাসিনার আয়কর বিবরণী সম্পদের হিসাবে গরমিল পাওয়া গিয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দুদক চেয়ারম্যান।

হলফনামায় অসত্য তথ্য দেওয়ার অভিযোগে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’ এর আওতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে সংস্থাটি।
আবদুল মোমেন বলেন, প্রায় ২২ একর জমিসহ একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ির তথ্য গোপনের প্রমাণ পাওয়া গিয়েছে। নিবার্চন কমিশনকে এ বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি দেয়া হয়েছে।
দুদক চেয়ারম্যান আরো বলেন, এখানে মূলত দুটি বিষয় রয়েছে। এর মধ্যে একটি অংশ চলে গিয়েছে নির্বাচন কমিশনের কাছে। এ বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা নিবে। আরেকটা অংশ হলো হলফনামায় দাখিল করা সম্পদ বিবরণী ও তার আয়কর বিবরণী সম্পদের হিসাব। যা আমাদের অনুসন্ধানে পাওয়া তথ্যানুসারে দুদক পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেবে। সেটি কিছুটা সময় সাপেক্ষের বিষয়।
স্বদেশ প্রতিদিন/আইজেপি