প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১০:১৪ AM

রাজধানীর মেরাদিয়া ও আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর হাইকোর্টের আদেশ স্থগিত করার আবেদন আপিল বিভাগের চেম্বার আদালত খারিজ করেছে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিল, তবে গতকাল (বুধবার) বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত সেই আবেদনটি খারিজ করে ‘নো অর্ডার’ দেন।
রিটকারী পক্ষের আইনজীবী জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘আদালত নো অর্ডার দিয়েছেন। এর ফলে মেরাদিয়া এবং আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানো সম্ভব হবে না।’
গত ২১ এপ্রিল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১১টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর লক্ষ্যে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এর মধ্যে মেরাদিয়া বাজারের পূর্ব পাশের খালপার ছিল। এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে শাহাবুদ্দিন সিকদার নামক এক বাসিন্দা হাইকোর্টে রিট করেন।
এরপর ২৯ এপ্রিল হাইকোর্ট মেরাদিয়ার পশুর হাটের বিজ্ঞপ্তির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে দেন। একইভাবে ৪ মে আফতাবনগরে পশুর হাট বসানোর বিষয়ে হাইকোর্ট স্থগিতাদেশ দেন।
এ আদেশ স্থগিত করতে ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি করপোরেশন চেম্বার আদালতে আবেদন জানায়, কিন্তু আদালত ওই আবেদনটি খারিজ করে দেয়। সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, এ বি এম আলতাফ হোসেন ও রুহুল কুদ্দুস কাজল।
এখন, মেরাদিয়া এবং আফতাবনগর এলাকায় কোরবানির পশুর হাট বসানোর অনুমতি না থাকায়, অন্যান্য স্থানগুলোতে পশুর হাটের ব্যবস্থা করতে হবে সিটি করপোরেশনকে।
স্বদেশ প্রতিদিন/এমএম