প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬:০৭ পিএম আপডেট: ২০.০৫.২০২৫ ৬:৪৩ PM

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মেয়ে মৌমিতা আক্তার।
দেশসেরা মৌমিতা উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ী এমদাদুল হক ও পৌরসভার ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. তাসলিমার কন্যা। মৌমিতা শুকতারা বিদ্যানিকেতন থেকে এসএসসি ও সরকারি নজরুল কলেজ ত্রিশাল থেকে এইচএসসি পাস করেন।
মেয়ের সাফল্যের কথা জানতে চাইলে তার মা বলেন, নার্সিং পেশা একটি মহৎ পেশা, যেখানে সেবার মাধ্যমে মানুষের জীবন বাঁচানো ও তাদের কষ্ট লাঘব করা যায়। আমার মেয়ে মৌমিতার এ পেশা নির্বাচন এবং তাতে প্রথম স্থান অধিকার করা নিঃসন্দেহে অন্য শিক্ষার্থীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। তার এ সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি নারী শিক্ষার গুরুত্ব এবং মফস্বলের শিক্ষার্থীদের সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
শুকতারা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কামাল হোসেন আকন্দ জানান, মৌমিতা অনেক মেধাবী। তিনি আমাদের বিদ্যালয়ের তথা ত্রিশাল বাসির গর্ব। সারা বাংলাদেশের মধ্যে নার্সিংয়ে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় মৌমিতার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো।
স্বদেশ প্রতিদিন/আইএমএস